নেতৃত্বের প্রকাশ্য দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিভক্তির কারণে অনিশ্চয়তায় পড়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি-এর নির্বাচন। দীর্ঘদিন ধরে স্থবিরতায় থাকায় নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর সমিতির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দেয়। এ সময় অ্যাডভোকেট এসএম সাদিকুর রহমান লিংকন নিজেকে সভাপতি এবং ড. রিয়াজুল কবির রিয়াজ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেন। পরবর্তীতে স্বঘোষিত কমিটির গঠিত নির্বাচন কমিশন বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করলে বিরোধ আরও প্রকট হয়।এতে ক্ষুব্ধ হয়ে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্যরা জরুরি সাধারণ সভার আহ্বান করেন। সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সমিতির কক্ষে তালা ঝুলিয়ে দেন আইনজীবীরা।চলতি বছরের ৭ জানুয়ারি ড. নাজিম উদ্দিন আলম খান পান্নাকে আহ্বায়ক করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে পরদিন ৮ জানুয়ারি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় অদৃশ্য ইশারায় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ফলে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কেউই স্পষ্ট করে বলতে পারেননি।
জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে উভয় পক্ষের নেতৃবৃন্দ নীরব থাকেন। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নতুন নির্বাচন কমিশন গঠন বা পুনঃতফসিল ঘোষণা করা হয়নি। ফলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সবার মতামতের ভিত্তিতে ২ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, সাধারণ সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে কোন তফসিলে নির্বাচন অনুষ্ঠিত হবে এ প্রশ্নে তিনি জানান, আগের তফসিলই ধরে নেওয়া যেতে পারে।সব মিলিয়ে সময়ের বেড়াজালে আটকে থাকা বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আদৌ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় কাটেনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
