মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ। এদিন মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১২টা ১ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসকসহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
রাতেই রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাকিল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
সকালে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে একুশের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
