বেসরকারি খাতে ঋণপ্রবাহ লক্ষ্যমাত্রার নিচে নেমে আসায় দেশের বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি হয়েছে। কঠোর মুদ্রানীতি ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) সময়ে ব্যক্তি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম।সোমবার Metropolitan Chamber of Commerce and Industry (এমসিসিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক পর্যালোচনায় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। সংগঠনটি জানায়, নতুন বিনিয়োগ না বাড়ায় প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়েছে।তবে ইতিবাচক দিক হিসেবে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে এবং সার্বিক লেনদেনের ভারসাম্যে (বিওপি) কিছুটা স্থিতি ফিরেছে।
শিল্পে ঘুরে দাঁড়ানোর আভাস
এমসিসিআই জানায়, প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে, যা আগের প্রান্তিকে ছিল ২ দশমিক ৩৮ শতাংশ। জিডিপিতে শিল্প খাতের হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৩৪ শতাংশ। উৎপাদন খাতের প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ১৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, সেবা খাতে প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৭ শতাংশে উন্নীত হলেও জিডিপিতে এ খাতের অংশ সামান্য কমে ৫১ দশমিক ৮২ শতাংশে নেমেছে।
তারল্য বাড়লেও ঋণ কম
ব্যবসায়ী সংগঠনটির মতে, ব্যাংক খাতে তারল্য বেড়েছে। অক্টোবর শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট তারল্য দাঁড়িয়েছে ৬ লাখ ২৬ হাজার ৪৬ কোটি টাকা, যা ন্যূনতম চাহিদার তুলনায় প্রায় ৩ লাখ ১২ হাজার কোটি টাকা বেশি। তবে ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ। বিপরীতে সরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ।
রাজস্ব ঘাটতি ও এডিপি বাস্তবায়নে নিম্নগতি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই-ডিসেম্বরে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ১৯ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২০ শতাংশ ঘাটতি রয়েছে। পুরো বছরের লক্ষ্য অর্জনে বাকি ছয় মাসে ৩ লাখ ১৩ হাজার ৭৭১ কোটি টাকা আদায় করতে হবে।এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জুলাই-ডিসেম্বরে মোট বরাদ্দের মাত্র ১৭ দশমিক ৫৪ শতাংশ ব্যয় হয়েছে।
রপ্তানিতে ভাটা, প্রবাসী আয়েই স্বস্তি
জুলাই-ডিসেম্বরে রপ্তানি আয় শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ২৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তৈরি পোশাক খাত মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি অবদান রাখলেও নিট ও ওভেন উভয় খাতেই ধীরগতি লক্ষ্য করা গেছে। বিপরীতে জুলাই-নভেম্বরে আমদানি বেড়েছে ৫ দশমিক ১৬ শতাংশ।তবে প্রবাসী আয় অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। ছয় মাসে মোট প্রবাসী আয় এসেছে ১৬ দশমিক ২৬ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি।ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ডিসেম্বর শেষে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও চলতি হিসাবে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে।
মূল্যস্ফীতির চাপ অব্যাহত
ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে মূল্যস্ফীতির চাপ তুলনামূলক বেশি।অন্যদিকে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিদেশে কর্মী পাঠানোর হার আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৯ শতাংশ কমে ২ লাখ ৯৩ হাজার ৪৫২ জনে নেমেছে।সব মিলিয়ে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা থাকলেও রপ্তানি, বিনিয়োগ ও উন্নয়ন ব্যয়ে ধীরগতির কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। নীতিনির্ধারকদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রবৃদ্ধিকে টেকসই পথে ফিরিয়ে আনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
