ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমতে না কমতেই রাজধানীতে নতুন করে বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। সন্ধ্যা নামলেই বাসা-বাড়ি, সড়ক, বাজার সবখানেই মশার আক্রমণে অতিষ্ঠ নগরবাসী। গবেষণা তথ্য বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে ৪০ শতাংশের বেশি। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই কিউলেক্স।
পুরান ঢাকার সুত্রাপুর এলাকায় বসবাসকারী তোতা মিয়া ও রেহেনা বেগম দম্পতি জানান, মশার উপদ্রব এতটাই বেড়েছে যে স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও দিনের বেলাতেও মশার কয়েল জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তারা বলেন, “সন্ধ্যার পর তো বসে থাকা যায় না, এখন দিনে-দুপুরেও মশা কামড়াচ্ছে।”
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ময়লার ভাগাড়, স্থির ও দূষিত পানি কিউলেক্স মশার প্রধান প্রজননস্থল হয়ে উঠেছে। ড্রেন, ডোবা ও অপরিচ্ছন্ন পরিবেশে দ্রুত বংশবিস্তার করছে এ প্রজাতির মশা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ফেব্রুয়ারিতে মশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মার্চ মাসে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
অধ্যাপক কবিরুল বাশার বলেন, কিউলেক্স নিয়ন্ত্রণে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, ড্রেন ও ডোবা পরিষ্কার রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। তিনি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে রাজধানীতে কিউলেক্স মশার বিস্তারের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান, হটস্পট চিহ্নিত করে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো এবং বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, চলমান কার্যক্রমের ফলে কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয় নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং বর্জ্য যথাস্থানে ফেলাই হতে পারে কিউলেক্স নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
