অমর একুশে বইমেলা-র দ্বিতীয় শিশু প্রহর ছিল উৎসবমুখর। আজকের কার্যতালিকায় ছিল শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। তিনটি শাখায় মোট ৩৪৬ জন প্রতিযোগী অংশ নেয়, যা বইমেলার শিশু আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে।
রাজধানীর বাংলা একাডেমি-র অডিটোরিয়ামে ছোট্ট সোনামণিদের মন মাতানো সুরে মুখর হয়ে ওঠে পরিবেশ। শিশু প্রহরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কেউ দেশাত্মবোধক গান, কেউ লোকগান, আবার কেউ আধুনিক গানে মুগ্ধ করে দর্শকদের।
অডিটোরিয়ামে বসে সন্তানদের পরিবেশনা উপভোগ করেন অভিভাবকরা। তাদের ভাষ্য, জয়-পরাজয় বড় বিষয় নয়; প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং মঞ্চে দাঁড়িয়ে সাহসের সঙ্গে গান গাওয়াটাই শিশুদের জন্য বড় অর্জন। অনেক অভিভাবকই এমন আয়োজন প্রতিবছর নিয়মিত করার দাবি জানান।
বিচারকদের মতে, বাংলা একাডেমির এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে এবং সৃজনশীল চর্চার ক্ষেত্র তৈরি করবে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া ভবিষ্যতে তাদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বইপ্রেমীদের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
