সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিলেট নগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। রমজান মাসে যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন, তাহলে একটি সুন্দর নগর গড়ে তোলা সম্ভব। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে সিসিক প্রশাসক জৈন্তা বার্তা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
পরে সিসিক প্রশাসক বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
