জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।
ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল মহড়ায় প্রদর্শন করা হয়। এর মধ্যে উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ও আটকে পড়া মানুষকে উদ্ধার, রোপ স্লাইডিং, রোপ র্যাপলিং, রোপ ডিসেন্ডিং, এয়ার প্যাকে লাফ দিয়ে আত্মরক্ষা, বিধ্বস্ত ভবনে সার্চ করে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশ পথ তৈরি করে উদ্ধার এবং আহতদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পরিবহনের বিষয়গুলো প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে জোন কমান্ডার তানহারুল ইসলাম মহড়াটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন জোন কমান্ডার ফয়সালুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীও অংশগ্রহণ করেন।
মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা। এ সময় প্রথমবারের মতো ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপন করে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্তসহ নেপালের সঙ্গেও যোগাযোগ স্থাপনে সক্ষম হয়।
মহড়া শেষে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।
প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১ লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশনা দিয়েছেন। আমরা তা বাস্তবায়নে কাজ করছি। দেশের অগ্নি-নিরাপত্তা বৃদ্ধিতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়া আয়োজন করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
