ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাকা ‘ঢাললেও’ খালে পানি নেই

অনুসন্ধান | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ১২:৫১ অপরাহ্ন

banglahour

পাঁচ বছরে প্রায় ১৯৩ কোটি ব্যয়েও দখল-দূষণে নাজুক ঢাকা উত্তরের খাল

ঢাকার জলাবদ্ধতা কমানো ও শহরের প্রাকৃতিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে খালগুলো সংস্কার ও পুনরুদ্ধারের কথা বহু বছর ধরে বলা হচ্ছে। প্রতি বছরই বিভিন্ন প্রকল্প নেওয়া হয়, বরাদ্দ হয় কোটি কোটি টাকা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিপুল অর্থ ব্যয়ের পরও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনেক খাল এখনও দখল, বর্জ্য ও অব্যবস্থাপনায় জর্জরিত। কোথাও খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, কোথাও আবার ময়লা-আবর্জনার স্তূপে খাল প্রায় ভরাট হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে খাল সংস্কারের নামে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তার কার্যকারিতা কতটা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বার্ষিক ব্যয়ের হিসাব অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে (২০২০-২১ থেকে ২০২৪-২৫) খাল খনন, পরিষ্কার, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং সীমানা নির্ধারণের কাজে প্রায় ১৯২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের পরও খালগুলোর অবস্থা সন্তোষজনক নয়। অনেক জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ নেই, আবার কোথাও খালের পাড় দখল করে তৈরি হয়েছে ঘরবাড়ি বা অবৈধ স্থাপনা। খালের পানি অনেক স্থানে ঘন কালো হয়ে গেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

সম্প্রতি তিন দিন ধরে বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ঢাকা উত্তর সিটির ৩২টি খালের মধ্যে অন্তত ১৫টি খালের বিভিন্ন অংশে এখনও বর্জ্য জমে আছে। এসব খালের মধ্যে রূপনগর, প্যারিস, রামচন্দ্রপুর, কাটাসুর, আবদুল্লাহপুর, কল্যাণপুর মূল খাল, বাউনিয়া, দিয়াবাড়ি, কসাইবাড়ি ও ইব্রাহিমপুর খালের বিভিন্ন অংশ ঘুরে দেখা হয়। এর মধ্যে সাতটি খালের বেশির ভাগ জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ প্রায় নেই। গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক ও পলিথিনের স্তূপ খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করছে। অন্যদিকে কিছু খাল তুলনামূলক পরিষ্কার থাকলেও পানির রং ঘন কালো এবং দুর্গন্ধযুক্ত।

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এর একটি উদাহরণ। প্রায় তিন কিলোমিটারের এই খালের শুরু মোহাম্মদী হাউজিং এলাকা থেকে। প্রথম দিকে খালের কিছু অংশ পরিষ্কার থাকলেও শ্যামলী হাউজিং এলাকায় পৌঁছানোর পরই চিত্র বদলে যায়। খালের এই অংশে গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক ও পলিথিন জমে আছে। কোথাও কোথাও এত বেশি ময়লা জমেছে যে পানির প্রবাহ আছে কি না বোঝা কঠিন। বিশেষ করে খালের ইউ-আকৃতির বাঁক অংশে বর্জ্যের স্তূপ এত বেশি যে খাল প্রায় ভরাট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অংশে খাল সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

মিরপুরের রূপনগর খালেও একই চিত্র দেখা গেছে। এই খালের বর্জ্য অপসারণে চলতি অর্থবছরে দুই ধাপে প্রায় ৯ কোটির বেশি টাকা ব্যয় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু সরেজমিনে দেখা যায়, খালের ওপরের সেতুর নিচে ও আশপাশে ভাসছে প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা সরাসরি খালের পাড়ে ময়লা ফেলছেন। আবার কিছু জায়গায় খালের পাড় দখল করে টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

মিরপুরের বাউনিয়া খালে সম্প্রতি সংস্কার ও খননকাজ করা হয়েছে। ডেন্টাল কলেজ থেকে কালশী স্টিল ব্রিজ পর্যন্ত প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার এলাকায় সংস্কারে ব্যয় হয়েছে ৬ কোটি ১৮ লাখ টাকার বেশি। সংস্কারের ফলে খাল গভীর হয়েছে এবং পানির প্রবাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে সেখানে নতুন করে দখলের চেষ্টাও দেখা যাচ্ছে। খালের পাড়ে বাঁশ পুঁতে ভরাট করে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, চোখের সামনে খাল দখলের চেষ্টা হলেও অনেক সময় কর্তৃপক্ষের নজরদারি দেখা যায় না।

ঢাকা উত্তর সিটির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে পাঁচটি খালের প্রায় ১৫ দশমিক ২৩ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও খননকাজ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫১ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে রূপনগর, বাউনিয়া, কসাইবাড়ি, কল্যাণপুর মূল খাল এবং কল্যাণপুর-ঘ খালের বিভিন্ন অংশে কাজ করা হয়েছে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কঠোর নজরদারির অভাবে অনেক জায়গায় আবারও বর্জ্য জমতে শুরু করেছে।

এদিকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রতিটি খাল সরেজমিনে পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগে কী হয়েছে সে বিষয়ে মন্তব্য না করে তিনি ভবিষ্যতে খাল সংস্কার ও পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করতে চান।

নগর-পরিকল্পনাবিদরা মনে করছেন, শুধু খাল খনন বা পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দখল-দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের মতে, খাল দখলের পেছনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িত, তা ভাঙতে না পারলে খাল রক্ষার উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার খালগুলো শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এসব খাল যদি দখল বা দূষণের কারণে কার্যকারিতা হারায়, তাহলে বর্ষাকালে জলাবদ্ধতা আরও বাড়বে। তাই কোটি কোটি টাকা ব্যয় করেও যদি খালের পানিপ্রবাহ ফিরিয়ে আনা না যায়, তবে সেটি নগর ব্যবস্থাপনার জন্য বড় প্রশ্ন হয়ে থাকবে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯