সালমান শাহ ছিলেন নব্বইয়ের দশকের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক ক্ষনজন্মা নায়ক। সালমান শাহ'র প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া এই অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে এক অভূতপূর্ব সাড়া ফেলেছিলেন।
টেলিভিশন নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার এবং কোটি ভক্তের হৃদয়ে "স্বপ্নের নায়ক" হিসেবে জায়গা করে নেন সালমান।
সালমান শাহ'কে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয় ও সবচেয়ে সফল নায়ক হিসেবে বিবেচনা করা হয়।
জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকে বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন: বিক্ষোভ, সুজন সখি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করে দেশের শীর্ষ তারকায় পরিণত হন।
তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষমতার পরিচয় দেন।
তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে।
তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত। তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন। তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও খ্যাতির বিস্তৃতির কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় অভিনেতা মনে করা হয়।
খ্যাতির চূড়ায় থাকাকালীন অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনে নিজের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
সালমান শাহ-ই একমাত্র নায়ক যার সিনেমাগুলো শুরু থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ'র মৃত্যুবার্ষিকী বাংলা আওয়ার পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
