হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অভিনেতা ও সংগীত শিল্পী মুকুল জামিল। রবিবার রাতে তিনি মারা যান।
তাঁর আকস্মিক মৃত্যুতে অভিনয় ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই।
মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘আমি তো এমনই’ নামে একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।
মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তাঁর ‘চায়ের চুমুকে’ গানটি প্রচারিত হয়েছে এটিএন বাংলায়।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
