বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড 'চিরকুট'-এর প্রধান কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমি। সুমি নামে তিনি বেশি পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর অনন্য কণ্ঠ ও সৃজনশীলতা দিয়ে বাংলা গানের জগতে এক অসামান্য অবদান রেখে চলেছেন সুমি। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান, যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসিত হয়েছে।
বাবা মকবুল হোসেন এবং মা শেলি খাতুন দম্পত্তির সন্তান সুমি ১৬ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। সুমি পড়াশোনা করতে ঢাকায় পাড়ি জমান। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং এখান থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি।
২০০২ সালে সুমি চিরকুট ব্যান্ড গঠন করা হয়। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল তিনি। চিরকুট ব্যান্ডের অধিকাংশ গানের কথা ও সুর সুমির। এছাড়াও তিনি অন্যান্য শিল্পীদের জন্য গান লেখেন ও সুর করেন। টেলিভিশন, আয়নাবাজি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে সুমি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।
‘আয়নাবাজি’ সিনেমার ‘দুনিয়া’ গানটি সুমি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায় তিনি গান লিখেছেন। তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ সিনেমাতেও তিনি গান লিখেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’-এ ছিল তার লেখা গান।
২০০২ সালে জন্ম নেয়া চিরকুট ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে। এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে অ্যালবামের প্রস্তুতি নিয়েছে। অনেক যত্নে গড়া অ্যালবামটির নাম রেখেছিলেন ‘চিরকুটনামা’। ২০১৩ সালে চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ প্রকাশিত হয়। গায়কী এবং জীবনঘনিষ্ঠ কথার জন্য এই অ্যালবামটির প্রায় সব গানই প্রশংসিত হয়েছে।
চিরকুট ব্যান্ডের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাদের প্রথম শ্রোতাপ্রিয় গান ‘জাদুর শহর’-এ রয়েছে সুমির কলমের দাগ। চিরকুটের গানের মধ্যে ‘কানামাছি’, ‘দুনিয়া’ এই গান দুটি সুমি নিজেই লিখেছেন।
সুমি বাংলা একাডেমি কর্তৃক অনন্যা শীর্ষ দশ পুরস্কারে ভূষিত হন। সংগীতে বিশেষ অবদানের জন্য অনন্যা ম্যাগাজিন কর্তৃক সুমিসহ ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সুমি ২০১৮ সালের ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা এবং সেরা গানের কথা'র জন্য মনোনয়ন পান।
একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী শারমীন সুলতানা সুমী'র জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো নিরন্তর শুভ কামনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
