ঢাকা, ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রয়োজনীয় প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

এ সময় উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটগ্রহণ হবে ১৮৫টি কেন্দ্রে এবং এসব কেন্দ্রে থাকবে ৯৮৯টি ভোটকক্ষ।

এদিকে উপনির্বাচনে বিএনপির দুই বৈধ প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীনই নির্বাচনে থাকছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। উপনির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত এ মতবিনিময় সভাকে নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম