চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জনসাধারণ। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট নানারকম অপরাধ ও সন্ত্রাসবাদে জড়িত। এলাকার তরুণ-যুবকদের হাতে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা তুলে দেয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে ভবিষ্যত প্রজন্ম। গত সোমবার মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীকে। এনিয়ে ইউপি সদস্য রাতে থানায় অভিযোগ দিতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে থানার সামনেই মারধর করে।
বক্তারা আরও বলেন, ইউপি সদস্য ছাড়াও সাধারণ মানুষ মাদকের প্রতিবাদ করলেই হুমকি, ভয়ভীতি ও হামলা করে মাদক কারবারিরা। মাদকের ছড়াছড়ি থাকার কারনে এলাকায় নানারকম অপরাধ বেড়েছে। সাধারণ মানুষ ছাড়াও এলাকার নারীরাও নিরাপদ নয়। মাদক ব্যবসায়ীরা নানারকম ফাঁদ পেতে তরুণ-যুবকদেরকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিচ্ছে। সন্ত্রাসী আশিক, মাদক ব্যবসায়ী এসএম রুবেল, রনি, সন্ত্রাসী আরিফসহ মাদক ও সন্ত্রাসবাদের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ভুক্তভোগী পলাশ আলী, পলি বেগম, জলিল আলী, মনিরুল ইসলামসহ অন্যান্যরা। মানববন্ধনে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
