ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: থানায় জিডি, সাইবার আইনে মামলার প্রস্তুতি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১১:২৭ পূর্বাহ্ন

banglahour

 

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা এবং হরিণ শিকারসহ বনজ সম্পদ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত বনবিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি মোঃ ফারুক হাওলাদার। অসাধু শিকারি চক্রটি তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মোংলা প্রেসক্লাব হল রুমে  আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হাওলাদার লিখিত বক্তব্যে জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে চিলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাগরে মৌসুম ভিত্তিক ইলিশ মাছের ব্যবসার সাথে জড়িত। সিএমসি-র সভাপতি হিসেবে সুন্দরবন রক্ষা ও বনজ সম্পদের সুরক্ষায় তিনি ও তার সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ফারুক হাওলাদার অভিযোগ করেন, সম্প্রতি সুন্দরবন কেন্দ্রিক বিষ দিয়ে মাছ শিকারি ও হরিণ শিকারি চক্রের মূলহোতা সোহেল শেখ এবং মিলন শেখ -এর বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও অপকর্মে বাধা প্রদান করে সিএমসি। এতে ক্ষিপ্ত হয়ে ওই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "রাজখান (Raj khan)" এবং "মিডিয়া সেল মোংলা" নামক ফেক আইডি ও পেজ ব্যবহার করে তার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, শিকারি চক্রের অনৈতিক কাজে বাধা দেওয়ায় সোহেল শেখ ও মিলন শেখ তাকে প্রতিনিয়ত খুন-জখমের হুমকি দিয়ে আসছে। ক্রমাগত হুমকির মুখে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনগত সুরক্ষার স্বার্থে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বর্তমানে ফেসবুকে মানহানিকর অপপ্রচার ও প্রাণনাশের হুমকির ঘটনায় অভিযুক্ত সোহেল শেখ, মিলন শেখ এবং "রাজখান (Raj khan)" ও "মিডিয়া সেল মোংলা" আইডি/পেজ পরিচালনাকারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে ফারুক হাওলাদার নিশ্চিত করেন।

এ ঘটনায় মোংলার স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা সুন্দরবন রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধী চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম