অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বলিউডের ‘সিরিয়াল কিসার’ থেকে অ্যাকশন হিরো হয়ে ওঠা ইমরান শুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে বেঁচে ফিরলেন।
ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ইমরান হাশমির আসন্ন অ্যাকশন থ্রিলার ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও দেখার পর থেকে শিউরে উঠছেন ভক্তরা।
ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুটিং ফ্লোরে চরম ব্যস্ততার মধ্যে ক্রু মেম্বাররা একটি বিপজ্জনক স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন। কাউন্টডাউন শুরু হতেই ক্রেনে ঝোলানো বিশাল সাইজের একটি এসইউভি গাড়ি মাঝ আকাশে শূন্যে উল্টে যায়। এরপর নীচে পার্ক করে রাখা একটি কালো ভ্যানের ওপর এটি আছড়ে পড়ে।
ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে স্থানে গাড়িটি ভেঙে পড়ে, তার একেবারে কাছেই দাঁড়িয়ে ছিলেন অভিনেতা ইমরান হাশমি। সামান্য একটু হলেই প্রানহানির ঘটনা ঘটতে পারত। তবে এটি চিত্রনাট্যের পূর্বপরিকল্পিত দৃশ্য ছিল না কি কারিগরি কোনও ত্রুটির কারণে স্টান্টটি নিয়ন্ত্রণ হারিয়েছে-তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় ইমরান হাশমি বা সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ নিয়ে ছবির নির্মাতারা এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
ছবিতে ইমরান হাশমিকে ‘ঈশ্বর’ নামে একজন ডেয়ারি ফার্মের মালিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যিনি নিজের ভালবাসার মানুষকে রক্ষা করতে যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
