ঢাকার ধামরাইয়ে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫টি ক্লিনিকের সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ( ১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধামরাই পৌর শহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ইসলামপুর ও কালামপুর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান কর্মকর্তারা। এ সময় বৈধ লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আলাদীনস জেনারেল হাসপাতাল—এই ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি ৫টি ক্লিনিকের সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার বলেন, "জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। লাইসেন্সবিহীন এবং অবৈধভাবে পরিচালিত এসব চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদ, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদুল হক তিতাসসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
