মঙ্গলবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ১২ বছরের জাকিয়া আক্তারকে। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও মেলেনি তার সন্ধান। পরদিন বুধবার দুপুরে বাড়ির কাছের একটি ধানক্ষেত থেকে পাওয়া গেল তার নিথর দেহ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তবে ধর্ষণ বা হত্যার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ধানক্ষেতে কাজ করতে গিয়ে জাকিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মুক্তাগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, মরদেহ উদ্ধারের সময় জাকিয়ার পরনের পায়জামা খোলা ছিল। তার গলায় ও মুখে ওড়না পেঁচানো ছিল। এ অবস্থায় মরদেহ পাওয়ার পর থেকেই তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন স্বজন ও স্থানীয় লোকজন।
জাকিয়ার নানা আব্দুস আইয়ুব আলী জানান, জাকিয়া মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা স্বামীর সংসার ছেড়ে চলে আসেন। পরে তাদের বিচ্ছেদ হয়। জন্মের পর থেকেই জাকিয়া নানার বাড়িতে বড় হয়েছে। একসময় সে মাদ্রাসায় পড়াশোনা করত। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
জাকিয়ার নানি মোজেদা খাতুন বলেন, পাশের বাড়ির শাহিনের মেয়ে সানজিদা সন্ধ্যার পর জাকিয়াকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকালে ধানক্ষেতে নাতনির মরদেহ দেখতে পান তারা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা আমার নাতির সঙ্গে এমন করেছে, আমি তাদের কঠিন শাস্তি চাই।
এ বিষয়ে পাশের বাড়ির শাহিনের মেয়ের সঙ্গে কথা হলে সে জানায়, জাকিয়াকে খেলার জন্য ডেকে নিয়েছিল। পরে জাকিয়া খেলবে না বলে নিজের বাড়িতে চলে যায়।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, মেয়েটি নানার বাড়িতে বড় হয়েছে। সকালে ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসৎ উদ্দেশ্যে ওই কিশোরীকে ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অপরাধীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
