ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন বাবর-শাহিনরা

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ৬:৩৪ অপরাহ্ন

banglahour

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন বাবর-শাহিনরা। এতদিন সাবেক ক্রিকেটার, ইউটিউবার এবং সাধারণ দর্শকদের গঞ্জনা সইতে হচ্ছিল তাদের। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

জানা গেছে, ২০২৩ সালে  খেলোয়াড়দের সঙ্গে তিন বছর মেয়াদী চুক্তি করেছিল পিসিবি। সে চুক্তি অনুযায়ী গ্রেড এ-তে থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপি আয় করেন।

গ্রেড বি-তে থাকা শাদাব খান, ফখর জামান, হারিস রউফ, নাসিম শাহদের বেতন প্রায় ৩০ লাখ পাকিস্তানি রুপি।

সি এবং ডি গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন সাড়ে ৭ লাখ রুপি থেকে ১৫ লাখ রুপির মধ্যে। বেতনের গ্রেড কাঠামোতে পরিবর্তন না আনলেও বাবর-শাহিনদের এ গ্রেড থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে খবর পাকিস্তানের সংবাদমাধ্যমের।

পিসিবি এখন সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের প্রধান কোচ গ্যারি কারস্টেনের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। সে প্রতিবেদন এলেই বেতনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।

তবে বোর্ড দলের বড় তারকাদের বেতন গ্রেডে অবনমনের সিদ্ধান্ত নিলে খেলোয়াড়রা চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে জিও নিউজের প্রতিবেদনে। এক্ষেত্রে খেলোয়াড়রা চুক্তি ছাড়াই স্বাধীনভাবে খেলতে চাইতে পারেন। যেহেতু ম্যাচ ফি এবং বিভিন্ন ধরনের স্পনসরশিপ চুক্তি থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেন ক্রিকেটাররা, তাই কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে খুব একটা আগ্রহ না-ও দেখাতে পারেন তারা।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম