ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২১ মাস পর মাঠে ফিরেছেন রিশাভ পান্ত

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

২১ মাস পর চেন্নাই টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে মাঠে ফিরেছেন রিশাভ পান্ত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পান্ত বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন নিজের টেস্টে প্রত্যাবর্তন।

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে পান্তের ব্যাটে এসেছে ১০৯ রান। তাই চোট থেকে ফেরা পান্তকে সোজা ‘অতিমানব’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পান্তের দাপুটে ইনিংস দেখে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিড়াকে আকরাম বলেছেন, ‘পান্তের পারফরম্যান্স দেখুন, এমন এক বিপর্যয়ের পর ফিরে যেভাবে পান্ত পারফর্ম করেছে, তা দেখিয়ে দিয়েছে, ও অতিমানব। যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, আমরা পাকিস্তানে সবাই উদ্বিগ্ন ছিলাম। আমি ওকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম, ওকে নিয়ে টুইট করেছিলাম।’

ওয়াসিম যোগ করেন, ‘ও যে ভয়ংকর দুর্ঘটনার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে ফেরাতেই বোঝা যায়, ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী। আমার মতে, মানুষকে অনুপ্রাণিত করতে এটা প্রজন্ম থেকে প্রজন্মে বলার মতো গল্প। এরপর ও আইপিএলে ফিরে ৪০ গড়ে ৪৪৬ রান করেছে, স্ট্রাইক রেট ছিল ১৫৫। ও একটা বিস্ময়বালক।’

টেস্টে পান্তের সেঞ্চুরির সংখ্যা ছয়টি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর বিপক্ষে সেঞ্চুরি রয়েছে তার। ছয় সেঞ্চুরির চারটি আবার বিদেশ-বিভূঁইয়ে। পান্তের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে আকরামও এই বিষয়গুলোতে দৃষ্টি দিয়েছেন, ‘যেভাবে পান্ত টেস্ট ক্রিকেট খেলত, যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে পারফর্ম করেছিল, ইংল্যান্ডের বিপক্ষে যে কৌশলে ও ব্যাটিং করেছে, টেস্টে জেমস অ্যান্ডারসন, এমনকি প্যাট কামিন্সের বিপক্ষে সে রিভার্স সুইপ খেলেছে, ও আসলেই স্পেশাল।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম