ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের কোচ নিয়ে তার কঠিন মন্তব্য তৈরি করেছে বিতর্ক। তামিমের মতে, দেশি কোচদের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো যোগ্যতা নেই। তার এই মন্তব্যের পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাহউদ্দিন।
এক বেসরকারি টিভি চ্যানেলের বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানে যোগ দিয়ে তামিমের মন্তব্যের জবাব দেন সালাহউদ্দিন। তবে তিনি তামিমের মন্তব্য আংশিকভাবে সমর্থন করলেও, কোচদের সময় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সালাহউদ্দিন বলেন, “তামিমের কথা আংশিক সঠিক। তবে জাতীয় দলে যখন কোনো খেলোয়াড় আসে, সে কি ঘরোয়া ক্রিকেটে পুরোপুরি প্রস্তুত হয়ে আসে? অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলে এসে ৫-৭ বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়। একইভাবে, কোচদেরও সেই সময় দেওয়া উচিত। কোচদের তৈরি হতে সময় লাগে, যেমনটা খেলোয়াড়দের জন্য হয়।"
এর আগে, ভারতীয় গণমাধ্যম স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, “বাংলাদেশের কারও জাতীয় দলের প্রধান কোচ হওয়ার সামর্থ্য আছে বলে আমি মনে করি না। বর্তমানের ২-৩ জন আছেন, যারা সহকারী কোচ হিসেবে যোগ্য। তবে কেউই প্রধান কোচ হওয়ার মতো যথেষ্ট প্রস্তুত নন।”
তামিমের এই মন্তব্য এবং সালাহউদ্দিনের জবাব নতুন করে দেশীয় কোচদের উন্নয়নের বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
