ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য। নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারের পর ভারতের সাবেক অধিনায়ক কোহলির ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ‘আইসিসি রিভিউ’তে বলেছিলেন, “গত পাঁচ বছরে কোহলি টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। এটি উদ্বেগজনক।” এ মন্তব্য নিয়ে পন্টিং আরো বলেন, “কোহলি নিশ্চয়ই নিজেও এর জন্য উদ্বিগ্ন। এটি কোনোভাবেই খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলা হয়নি।”
কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পন্টিংয়ের এই মন্তব্যকে সহজভাবে নেননি। কোহলি-রোহিতদের অস্ট্রেলিয়া সফরের আগেই গম্ভীর বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কেন?” এই প্রতিক্রিয়া শুনে পন্টিং বিস্মিত হন। সেভেননিউজকে পন্টিং বলেন, “গম্ভীরের এই প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়েছি, তবে তাকে যতটা জানি, এটাই তার স্বভাব।”
এদিকে গম্ভীরের সংবাদ সম্মেলনে আচরণ নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, “গম্ভীর সংবাদমাধ্যম সামলানোর মতো ভদ্রতা ও বাকপটুতা রাখেন না। বিসিসিআইয়ের উচিত তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে শুধুমাত্র পেছনে কাজ করতে দেওয়া।”
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে, যেখানে ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট শুরু হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
