ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত ও আইনি প্রক্রিয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলামকে কারা হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  এ আদেশের পর আদালত চত্বরে চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রিজনভ্যানের চারদিকে শুয়ে পড়েন। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকা থেকে প্রায় ৩০০ মিটার দূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘বিক্ষোভকারীরা সাইফুল ইসলাম ওরফে আলিফকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন।’ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী আদালত থেকে প্রায় ৩০০ মিটার দূরে আইনজীবী সাইফুল ইসলামকে বিক্ষোভকারীরা কুপিয়ে মেরেছেন বলে দাবি করলেও চট্টগ্রাম ইসকন প্রবর্তক মন্দিরের পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ডয়চে ভেলেকে বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কাছে কোনো লাঠিও ছিল না।’

অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মো. রইস উদ্দিন জানান, হত্যা কে করেছে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে৷ তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন নিহত হয়েছেন। কারা তাকে হত্যা করেছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। তদন্ত শুরু হয়েছে, নিশ্চয়ই কারা হত্যা করেছে- সেটি বের হয়ে আসবে। সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়ে এখন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।’

সাইফুল ইসলাম লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরও আটজন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- শ্রীবাস দাশ শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। জেনারেল হাসপাতালে আরও ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রিজনভ্যান আটকে দেন। প্রিজনভ্যানের চারপাশে শুয়ে অনেকে বিক্ষোভ শুরু করেন। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারছিলেন না। বিকাল পৌনে তিনটার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর শুরু হয় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া- পালটা ধাওয়া৷ এরই এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com