ঢাকা: বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হচ্ছে না। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্স এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে ভেড়ানো হয়েছে।
এর আগে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। আসন্ন টুর্নামেন্টের জন্য তাকে নিলাম থেকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি ও বিপিএলের কারণে শুরু থেকেই রিশাদের বিগ ব্যাশে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল।
পরে এই শঙ্কা কিছুটা দূর হয়। জানানো হয়েছিল, ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত রিশাদকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে, যা দিয়ে তিনি দুটি ম্যাচ খেলার সুযোগ পেতেন। কিন্তু শেষ মুহূর্তে তার অনাপত্তিপত্র বাতিল হওয়ায় বিগ ব্যাশে খেলা আর সম্ভব হচ্ছে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
