জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই সাফল্য অর্জন করে কোয়ান্টাম।
বালক বিভাগে ১৪৩.৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় কোয়ান্টাম। রানার্সআপ হয় বিকেএসপি, যারা সংগ্রহ করে ১১৫ পয়েন্ট। ব্যক্তিগতভাবে বালক বিভাগে ৫২.৭০ পয়েন্ট নিয়ে সেরা হন কোয়ান্টাম স্কুলের ওয়ে ওয়ে সাই মারমা।
অন্যদিকে, বালিকা বিভাগেও কোয়ান্টামের সাফল্য ছিল অব্যাহত। দলগতভাবে তারা ১২৭.২৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। ১২১.৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিকেএসপি। ব্যক্তিগতভাবে বালিকা বিভাগে ৪২.৯৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হন কোয়ান্টামের সিংমেনু মারমা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। কোয়ান্টামের এই সাফল্য দেশের জিমন্যাস্টিক্স অঙ্গনে নতুন প্রজন্মের সম্ভাবনা উজ্জ্বল করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
