আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ থাকায় সাকিবের দেশে ফেরা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
এই অনিশ্চয়তার মাঝেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন সাকিব। গতকাল (২৬ ডিসেম্বর) পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সাকিবের ব্যাটিং ও বোলিংয়ের কিছু নজরকাড়া মুহূর্ত তুলে ধরে ক্যাপশনে লেখা হয়েছে, “বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।”
পিএসএল ২০২৫-এর সময়সূচি
পিএসএলের দশম আসর মাঠে গড়াবে ২০২৫ সালে, তবে চ্যাম্পিয়নস ট্রফির কারণে এবারের পিএসএল সাধারণ সময়সূচি থেকে ভিন্নভাবে আয়োজিত হবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফলে পিএসএল অনুষ্ঠিত হবে আইপিএলের সময়, যার ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।
২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং চলবে ২৫ মে পর্যন্ত। যদি দল পেয়ে যান, তাহলে সাকিবকে এই সময় পিএসএল খেলতে দেখা যাবে।
পিএসএলে সাকিবের পরিসংখ্যান
সাকিব এর আগেও পিএসএলে খেলেছেন। ২০১৬ সালে প্রথম মৌসুমে পিএসএলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে তিনি ৩ আসরে খেলেছেন। ১৪ ম্যাচে ব্যাট হাতে ১৬.৪৫ গড়ে ১৮৫ রান করেছেন, যেখানে ফিফটি আছে ১টি। বল হাতে ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।
বিপিএলে অনিশ্চিত থাকা সাকিবের পিএসএলে অংশগ্রহণ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবকে না দেখা গেলে তার ভক্তরা হতাশ হতে পারেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
