মেলবোর্ন: বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকেছে ভারত। সিরিজের এই পরাজয়ে শঙ্কায় পড়েছে দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা। হারের দায়ভার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ওপরই চাপাচ্ছেন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকেরা। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা ও নেতৃত্বে অদক্ষতার কারণে রোহিতের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।
রোহিত শর্মার পারফরম্যান্স এই সিরিজে হতাশাজনক। তার সর্বশেষ ইনিংসগুলোতে স্কোর ছিল—৩, ৬, ১০, ৩ ও ৯। অধিনায়কত্ব নেওয়ার পর থেকে ভারতের পারফরম্যান্সেও দেখা দিয়েছে স্থবিরতা। প্রথম টেস্টে জাসপ্রিত বুমরাহর অধীনে জয় পেলেও, রোহিত নেতৃত্ব নেওয়ার পর থেকেই ম্যাচ হারছে দল।
বাসিত আলীর সমালোচনা
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সরাসরি রোহিত শর্মার ফর্ম ও নেতৃত্বকে ভারতের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, “অফ ফর্মে থাকা সত্ত্বেও রোহিত ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের ওপর বাজে প্রভাব ফেলছে। তার কারণে লোকেশ রাহুলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানকে জায়গা হারাতে হচ্ছে। তিনি শুধু নিজে ব্যর্থ হচ্ছেন না, দলের আত্মবিশ্বাসও নষ্ট করে দিচ্ছেন।”
সমালোচনার তীর রোহিতের দিকে
রোহিতের ব্যর্থতায় সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। কেউ কেউ গোপাল ভাঁড়ের জনপ্রিয় গানের প্যারোডি করে লিখছেন, “আসছেন রোহিত, যাচ্ছেন রোহিত।”
দলের ভেতরেও বিরোধের আভাস পাওয়া যাচ্ছে। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে গিয়েও ব্যর্থ হয়ে রোহিত আবার ওপেনিংয়ে ফিরলেও, তা কাজে আসছে না। তার কারণে লোকেশ রাহুলের মতো খেলোয়াড়ের জায়গা হারানো নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
ভারতের জন্য সামনে চ্যালেঞ্জ
মেলবোর্ন টেস্টে হারের পর ভারতের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। তবে রোহিত শর্মার নেতৃত্ব ও পারফরম্যান্স ঘিরে সমালোচনার এই ধারা চলতে থাকলে দলের মনোবল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে ভারতের টেস্ট দলকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন ফর্মে থাকা খেলোয়াড়দের সমন্বয় ও নেতৃত্বে পরিবর্তন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
