
(১ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১:৫০ অপরাহ্ন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
তার প্রথম জানাজা আজ বাদ আসর গুলশানের গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে, এবং তৃতীয় জানাজা বাদ মাগরিব নিজ গ্রাম দাপুনিয়া, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিচারপতি মো. আবদুর রউফ ১৯৯০ সালে অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো তিন সদস্যের নির্বাচন কমিশন পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান পদত্যাগ করলে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮টি আসন পায়। তার কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ জারি করে।
যদিও নির্বাচন পরিচালনায় তার কমিশন প্রশংসিত হয়, ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময়ে মাগুরা উপনির্বাচন নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে ফিরে যান।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বিচার ও প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।