banglahour

নামাজ মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বিরত রাখে

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

প্রকৃত অর্থেই নামাজ মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বিরত রাখে। কিন্তু তা কখন? এ ঘোষণার চূড়ান্ত ফল লাভ করার জন্য কোনো শর্ত রয়েছে কি না? এক্ষেত্রে মুসল্লিরও কিছু করণীয় ও বর্জনীয় আছে কি না? এটা অবশ্যই যথার্থ ও যুক্তিসঙ্গত প্রশ্ন। অনেক আয়াত ও হাদিস থেকেই এ প্রশ্নের জবাব পাওয়া যায়। এখানে শুধু একটি আয়াত ও একটি হাদিস উল্লেখ করা হচ্ছে। আল্লাহপাক কুরআন মাজীদে ইরশাদ করেছেনÑ ‘দুর্ভোগ ওই সব মুসল্লির, যারা তাদের নামাজ থেকে উদাসীন। যারা শুধু (মানুষদের) দেখানোর জন্য নামাজ আদায় করে। (সূরা মাউনÑ৪-৫)

অতএব স্পষ্ট যে, মুসল্লি মাত্রই সালাতের এই মহা সুফল লাভ করবে, বিষয়টি এমন নয়। সালাতের মধ্যে উদাসীনতা মুসল্লির জন্য সুফল নয়; বরং কুফল বয়ে আনে। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন। যে ব্যক্তি উত্তমরূপে অযু করবে এবং যথাসময়ে নামাজ আদায় করবে- এভাবে যে, রুকু-সিজদা ও খুশূ পূর্ণরূপে সম্পাদন করবে, তার জন্য আল্লাহপাক ক্ষমার (অন্য বর্ণনায়, জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে ব্যক্তি (এসব) করবে না তার জন্য আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা হলে মাফ করবেন নতুবা শাস্তি দিবেন। (মুসনাদে আহমাদ-২২৭০৪)

নবীজীর এই পবিত্র ইরশাদ থেকে বোঝা যায়, সালাতের মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে একটি ‘আহ্দ’ বা চুক্তি সম্পাদিত হয়। আর সে চুক্তিটি একটু বিস্তর। এর জন্য কিছু অপরিহার্য শর্ত রয়েছে, যার অন্যতম হলো, সালাতে খুশূ-খুযূ অবলম্বন করা এবং রুকু-সিজদা ধীরস্থির ও যথাযথভাবে সম্পাদন করা।

মূলত নামাজের গুণগত মান হিসেবেই তা মুসল্লিকে পাপাচার ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই বান্দা নামাজ সম্পন্ন করে আর তার জন্য লেখা হয় নামাজের দশ ভাগের এক ভাগ (প্রতিদান) অথবা নয় ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ অথবা সে পায় নামাজের অর্ধেক (প্রতিদান)। এক বর্ণনায় এসেছে অথবা সে পায় নামাজের পূর্ণ প্রতিদান ও সুফল। (মুসনাদে আহমাদ-১৮৮৯৪)

অর্থাৎ যদি নামাজটি আদায় করা হয় পূর্ণ খুশূ-খুযূর (হৃদয়ের একাগ্রতা ও অঙ্গ-প্রতঙ্গের স্থিরতার) সাথে এবং তিলাওয়াত ও তাসবীহসমূহও পাঠ করা হয় যথাযথভাবে। ফরয, ওয়াজিব, সুন্নত ও আদবসমূহও সম্পাদন করা হয় উত্তমরূপে। তবে সেই মুসল্লিকে আখিরাতে পূর্ণ প্রতিদান ও সওয়াব দান করা হবে এবং দুনিয়াতে তা মুসল্লিকে মন্দ ও অশোভন কাজ থেকে ফিরিয়ে রাখবে। পক্ষান্তরে, যে নামাজ হয় অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা, যা সীমাবদ্ধ থাকে নিছক অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনের মধ্যে, যাতে রুকু-সিজদা, কিরাত-কিয়াম যথাযথভাবে সম্পাদন করা হয় না সেই নামাজ কীভাবে মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বাঁচাবে? তার নামাজ তো তাকে নামাজরত অবস্থাতেই অশোভন কাজ ও চিন্তা থেকে ফিরাতে পারছে না।

আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘সফলকাম সেসব মুমিন, যারা সালাতে খুশূ-খুযূ অবলম্বন করে।’ (সূরা মুমিনূনÑ১-২) মুহাম্মাদ (সা.) ও তাঁর সাহাবীদের পরিচয় দিতে গিয়ে অন্যত্র ইরশাদ হয়েছে, ‘তাদের লক্ষণ তাদের মুখম-লে সিজদার প্রভাব পরিস্ফুট থাকবে।’ (সূরা ফাতহ-২৯) এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ (রাহ.) থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এখানে কপালে সেজদার দাগ উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হলো, ‘খুশূ’। (ওয়াকী ইবনুল যারাহ, আয্যুহদ-২/৫৯৮Ñ৩২৭)

আল্লামা আলূসী (রাহ.) বলেন, ‘খুশূ’ হলো, অন্তরের ভয় এবং অঙ্গ-প্রত্যঙ্গের স্থিরতার সাথে চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা। (রূহুল মাআনী-৯/২৭৫) প্রখ্যাত মুফাসসীর হাফেয ইবনে কাসীর (রাহ.) বলেন, সালাতে খুশূ-খুযূর দৌলত তাঁরই হাছিল হয়, যে নিজের অন্তরকে সবকিছু থেকে ফিরিয়ে শুধু নামাজের মধ্যেই নিবিষ্ট রাখে। (তাফসীরে ইবনে কাছীর-৩/২৯৫)

যখন কেউ এমন খুশূ-এর সাথে নামাজ আদায় করে তখনই নামাজ তার চক্ষু শীতল করে, অন্তরের প্রশান্তির কারণ হয়। যেমনটি নবীজী (সা.) হাদিসে ইরশাদ করেছেন, নামাজেই দান করা হয়েছে আমার চক্ষুর শীতলতা। (মুসনাদে আহমাদ-১২২৯৩) প্রসিদ্ধ হাদিস ‘হাদিসে জিবরীল’-এ সব ইবাদতের একটি মূলনীতি বর্ণনা করা হয়েছে। তাতে ফুটে উঠেছে খুশূ-খুযূর চূড়ান্ত রূপ, ইহসান হচ্ছে, আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাঁকে দেখছ। আর তুমি তাঁকে না দেখলেও তিনি তো (অবশ্যই) তোমাকে দেখছেন। (সহিহ বুখারী-৫০)

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল