
(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১১ অপরাহ্ন
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন।
সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খালাস পাওয়ার পর মাহমুদুর রহমান বলেন, "আমি খুশি। ফ্যাসিস্ট সরকার পতন না হলে হয়তো আমি খালাস পেতাম না।"
২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থানে জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ মামলায় অভিযোগপত্র দাখিল করে। গত বছর ১৭ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৩ অক্টোবর তিনি আপিল করে জামিন পান।
সোমবার আপিলের শুনানি শেষে আদালত তাকে খালাস দেন।