banglahour

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১৭ অপরাহ্ন

ওয়াশিংটন, ৯ ফেব্রুয়ারি: ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ ফেব্রুয়ারি) নিউ অরল্যান্সে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, "সোমবারই হোয়াইট হাউস এই নতুন শুল্কারোপ ঘোষণা করবে। যেসব দেশ আমাদের ওপর শুল্ক বসাবে, আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক আরোপ করব। খুব সহজভাবে বলতে গেলে, এভাবেই আমরা বাণিজ্যনীতিতে সমতা আনতে চাই।"

সবচেয়ে বেশি প্রভাব কানাডা ও মেক্সিকোর ওপর

যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যমতে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতবপণ্য আমদানি করে কানাডা থেকে। এরপর রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

গত বছরের প্রথম ১১ মাসে কানাডা থেকে ৭৯ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ফলে নতুন শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কানাডা ও মেক্সিকো।

কানাডার উদ্ভাবনবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, "কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ ও অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা নিঃসন্দেহে আমাদের শিল্প ও কর্মীদের পাশে থাকব।"

আগেও শুল্ক আরোপের ঘোষণা দিয়ে স্থগিত করেছিলেন ট্রাম্প

এর আগে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, তবে পরে সেটি স্থগিত করেন। মেক্সিকোকে শর্ত দেওয়া হয়েছিল যে, তাদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অবৈধ মাদক প্রবেশ বন্ধ করতে হবে। মেক্সিকো তখনই ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনা মোতায়েন করে, যার ফলে ট্রাম্প শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

তবে এবার ট্রাম্প তার অবস্থানে অনড় বলে ইঙ্গিত দিয়েছেন, যা উত্তর আমেরিকার বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল