banglahour

আদানা দেমিরস্পোরের মাঠ ছাড়ার ঘটনায় সভাপতি দুরাকের পদত্যাগ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:০১ অপরাহ্ন

তুরস্কের সুপার লিগে বিরল এক ঘটনার জন্ম দিয়েছে আদানা দেমিরস্পোর। গালাতাসারায়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দলটি মাঠ ছেড়ে চলে যায়। এর জেরে ক্লাবটি আলোচনার কেন্দ্রে চলে আসে। সর্বশেষ, এই ঘটনার পর ক্লাবের সভাপতি বেদিরহান দুরাক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার রাতে গালাতাসারায়েরের বিপক্ষে ম্যাচে ৩০তম মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান আদানা দেমিরস্পোরের খেলোয়াড়রা। তখন তারা ১-০ গোলে পিছিয়ে ছিল এবং একমাত্র গোলটি এসেছিল পেনাল্টি থেকে। ম্যাচটি পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়।

ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ ছাড়ার সিদ্ধান্তটি ছিল তুরস্কের রেফারি কমিটি ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। বর্তমানে লিগের তলানিতে থাকা আদানা দেমিরস্পোর ম্যাচের ১২তম মিনিটেই গালাতাসারায়েরের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার করা পেনাল্টি গোলের কারণে পিছিয়ে পড়ে।

গালাতাসারায়ের কোচ ওকান বুরুকও স্বীকার করেছেন যে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভুল হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এটি ভুলও হতে পারে।"

এরপরই ক্লাবের সভাপতি বেদিরহান দুরাক পদত্যাগের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আমি এখন দুঃখের সঙ্গে দেখছি যে আমরা একটি অচলাবস্থায় পৌঁছেছি। আমার ক্লাব, আমার পরিবার, আমার প্রিয়জন এবং আমার স্বাস্থ্যের স্বার্থে, আমি এই মুহূর্ত থেকে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।"

এই ঘটনায় তুর্কি ফুটবলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর আদানা দেমিরস্পোর ও সুপার লিগ কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল