banglahour

পণের টাকা না দেওয়ায় বধূকে নির্যাতন, এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন

উত্তরপ্রদেশের সাহারনপুরে পণের টাকা দিতে না পারার অভিযোগে এক নববধূকে নির্মম নির্যাতন ও এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পণের জন্য নির্মম নির্যাতন

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাহারনপুরের এক পরিবার মেয়ের বিয়ে দিতে ৪৫ লাখ টাকা ব্যয় করেছিল। জামাইকে দেওয়া হয়েছিল একটি এসইউভি ও ১৫ লাখ টাকা নগদ। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন আরও ১০ লাখ টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় ওই নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং এক মাসের মধ্যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে পঞ্চায়েতের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করে স্বামী আবার স্ত্রীকে ফিরিয়ে নেয়। কিন্তু এর পর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। অভিযোগ, জোর করে ওই নারীর শরীরে এইচআইভি সংক্রমিত সুচ ফুটিয়ে দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তদন্ত শুরু করেছে পুলিশ

মহিলার বাবা অভিযোগ করেন, তার মেয়ের শারীরিক পরীক্ষা করার পর এইচআইভি সংক্রমণ ধরা পড়ে, তবে তার স্বামী এইচআইভি নেগেটিভ। প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়, যার ফলে আদালতের শরণাপন্ন হন তিনি। আদালতের নির্দেশের পর অবশেষে সাহারনপুর পুলিশ নির্যাতিতার স্বামী, দেওর, ননদ ও শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টা, বধূ নির্যাতন, ইচ্ছাকৃত ক্ষতি করা এবং বিষ প্রয়োগের মতো গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।

সাহারনপুরের পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল