
(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:৪৯ অপরাহ্ন
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এবারের আসরে একমাত্র দল হিসেবে নিজেদের সবগুলো ম্যাচই দুবাইয়ে খেলবে ভারত। এই কারণে স্কোয়াড গঠনে বেশ কিছু পরিবর্তন এনেছে ভারতীয় দল ব্যবস্থাপনা। বিশেষ করে, স্কোয়াডে রাখা হয়েছে ৫ স্পিনার, যা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’–এ অশ্বিন ভারতীয় দলে স্পিনারদের সংখ্যাধিক্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি। ৫ স্পিনারকে দলে জায়গা দিয়েছি, জয়সওয়ালকে বসিয়ে রেখেছি। হ্যাঁ, বাইরে সফরে গেলে আমরা ৩–৪ জন স্পিনার নিয়ে যাই। কিন্তু দুবাইয়ে ৫ স্পিনার? আমার মনে হয়, অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে।”
ভারতীয় স্কোয়াডে জায়গা না পাওয়ায় তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অশ্বিন। তার মতে, একজন বাড়তি স্পিনার অন্তর্ভুক্ত করার ফলে জয়সওয়ালের মতো প্রতিভাবান ব্যাটারের সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
দুবাইয়ের উইকেট নিয়ে সন্দেহ প্রকাশ করে অশ্বিন আরও বলেন, “কুলদীপ যাদব তো খেলবেই। তাহলে বরুণ চক্রবর্তীর জন্য জায়গা কোথায়? দুজনকে একসঙ্গে খেলানো যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো— দুবাইয়ের উইকেট কি এতটাই স্পিন সহায়ক? কিছুদিন আগেই আইএলটি-টোয়েন্টি শেষ হলো, সেখানে তো বল তেমন একটা টার্ন করতে দেখলাম না। দলগুলো সহজেই ১৮০ রান তাড়া করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে।”
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনো স্পিন নির্ভরতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্সই বলে দেবে এই দল নির্বাচন কতটা কার্যকর ছিল।