
(১ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:০৭ অপরাহ্ন
ফেনীর চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মহীপুর হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি হারুনুর রশিদ জানান, "কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।"
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, "পিকআপভ্যানটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে চিৎকার-আর্তনাদ শুরু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।"
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।