
(১ বছর আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন
‘সিতারে জমিন পর’ সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তবে নিজের সিনেমা ছাড়াও পুত্র জুনায়েদ খানের সিনেমার প্রচারেও মন দিয়েছিলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে জুনায়েদের সিনেমা ‘লাভইয়াপ্পা’। সিনেমার বিশেষ প্রদর্শনেও হাজির ছিলেন অভিনেতা। শুধু কাজই নয়, তার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় বদল। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ হাসপাতালে আমির খান।
মিস্টার পারফেকশনিস্ট নিজে সুস্থ আছেন। জানা গেছে, অভিনেতার মা জিনাত হুসেন অনেক দিন ধরেই অসুস্থ। তার চিকিৎসার জন্যই চেন্নাই ছুটে যেতে হয়েছে তাকে। প্রথমে মুম্বাইয়ের হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জিনাত। তার পরেই তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন ধরে ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় চেন্নাইয়ের হাসপাতালে তাকে নিয়ে গেছেন আমির খান।
গত বছর জুলাই মাসে মায়ের ৯০তম জন্মদিনও পালন করেছেন মিস্টার পারফেকশনিস্ট। বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন তিনি। দীপাবলিতেও মায়ের সঙ্গে সময় কাটিয়েছিলেন আমির।