
(১ বছর আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৬:২৯ অপরাহ্ন
মোংলা বন্দর কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া, সংগঠনটির উপদেষ্টা হিসেবে পদ পেয়েছেন ঢাকার সমন্বয়ক আশরেফা খাতুন।
পদ পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসউদ। তিনি জানান, তিনি কোনো সরকারি প্রতিষ্ঠান বা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হননি, বরং দীর্ঘদিন ধরে নিপীড়িত-নির্যাতিত ও উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "ছাত্র-শ্রমিক-জনতা—সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব ও কর্তব্য।"
তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের প্রতিটি গণআন্দোলনে ছাত্রসমাজ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, আর শ্রমিক-জনতা তাদের জন্য বুক পেতে দিয়েছে। তিনি বলেন, "তাদের যদি আমরা ভুলে যাই, তা হবে চরম নিষ্ঠুরতা।"
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অবিচল থাকার অঙ্গীকার করেন এবং বলেন, "ছাত্র-শ্রমিক-জনতা সব শ্রেণি-পেশার মানুষের জন্য লড়াইয়ে কোনো দ্বিধা নেই। আপনি কোন মহাজন যে এর বিরুদ্ধে দাঁড়াবেন!"