banglahour

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগ, নতুন দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।”

এর আগে, মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।

পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম

পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লেখেন, “মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।”

তিনি আরও লেখেন, “গত ৮ আগস্ট আমি উপদেষ্টা পরিষদে যোগ দিই এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করি। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত বলে আমি মনে করি। তাই আমি দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি

গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। সূত্র জানায়, নতুন রাজনৈতিক দল গঠন ও সেখানে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনার কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ইতোমধ্যে ঘোষণা এসেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। যদিও এখনো দলের নাম আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আকতার হোসেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদ ইসলামের পদত্যাগ ও নতুন দল গঠনের বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে। এখন দেখার বিষয়, নতুন এই দল কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল