
(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ১০:৩৬ অপরাহ্ন
স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকার অপি নামের একজনকে অ্যাডহক ভিত্তিতে চাকরি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে একটি অ্যাডহক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ& হাসান নকীব এই কমিটি গঠন করেছেন। কমিটি দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে।
বুধবার যুগান্তরের অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে ‘স্নাতকের ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ' নামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়।
গত ১৮ নভেম্বর অপিকে নিয়োগ দেওয়া হয়। এর প্রায় এক মাস পর ১২ ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়। নিয়োগ পাওয়া অপি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিয়োগ বাতিলে বিক্ষোভ : বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ওই নিয়োগসহ অভু্যত্থানপরবর্তী সময়ে চারজনের নিয়োগ বাতিল ও অ্যাডহক (অস্থায়ী) নিয়োগপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।