banglahour

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই - হাসনাত আবদুল্লাহ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৯:৩৭ অপরাহ্ন

ঢাকা, ২২ মার্চ – আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকালে আয়োজিত এ সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

সমাবেশে তিনি বলেন, “যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, তাদের কাছে প্রশ্ন— ২০১৪ সালে ৫৩ আসনে ভোট হয়নি, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছিল, তখন কোথায় ছিল? ২০২৪ সালের নির্বাচনে ভোটারদের কোনো অংশগ্রহণ ছিল না, তখন কী হয়েছিল?”

তিনি আরও বলেন, “এই দেশে ২ হাজার মানুষের রক্তের দাগ শুকায়নি। তাই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না। শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড, ভারতীয় আগ্রাসন, আবরার হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিচার হয়নি। এই অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কোনো সুযোগ নেই।”

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, “যদি ১০টা ফেরাউন আর ১০টা নমরূদ একসঙ্গে করা হয়, তাও শেখ হাসিনার সমান হবে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে গণঅভ্যুত্থানে পরাজিত সরকারকে পুনরায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে দেশের মানুষকে এর খেসারত দিতে হবে।”

সমাবেশে দলটির নেতাকর্মীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে। জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে। এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে, পিলখানা, শাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে। আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনার-আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে।

তিনি বলেন, আমাদের সবকিছু হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। আপনারা যদি বিচার করতে পারেন আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না। এনসিপি যতদিন আছে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ। ৫ আগস্টের পর ভারতের হাতে থাকা আওয়ামী লীগের সুতা আমরা কেটে দিয়েছি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কোনো ইনস্টিটিউটের বিপক্ষে না। আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সেগুলোকে আমরা ঠিক করতে চাই। সেনাবাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে। আপনাদের ওপর এখনো আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের আস্থার প্রতিদান দেবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের সঙ্গে আপস করেন তাহলে আমাদের মতো মজলুমদের সঙ্গে বেইমানি করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা এখনো কিছুই পাইনি। আপনারা এখনো আওয়ামী লীগের বিচার শুরু করতে পারেননি। আপনারা অতি দ্রুত বিচার কাজ শুরু করুন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করুন।

বিক্ষোভ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, রফিকুল ইসলাম আইনি প্রমুখ বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল