
(১ বছর আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১:৩৭ পূর্বাহ্ন
দেশের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলার সময় অল্প সময়ের ব্যবধানে দুই দফা হার্ট অ্যাটাক করেন তিনি।
এই ঘটনার পর পুরো ক্রিকেট মহলে নেমে আসে শঙ্কার ছায়া। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়া হয়, যার ফলে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করে হার্টে একটি রিং পরানো হয়।
চিকিৎসকদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও জানান, আজ (মঙ্গলবার) দুপুরে তামিমের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে তাকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।