
(১ বছর আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ৪:০৪ অপরাহ্ন
নয়াদিল্লি, ২৬ মার্চ: আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তার স্ত্রী ধনশ্রী ভার্মার। দীর্ঘদিনের টানাপোড়েন শেষে মুম্বাইয়ের বান্দ্রার ফ্যামিলি কোর্টে চূড়ান্ত শুনানির পর উভয়ের সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
সূত্রের খবর, এই দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলে আসছিল তিন বছর ধরে। মূলত, কোথায় বসবাস করবেন—এই বিষয়েই মতবিরোধ ছিল তাদের। চাহালের বাড়ি হরিয়ানায়, যেখানে তিনি থাকতে চাইলেও ধনশ্রী চাইতেন মুম্বাইয়ে স্থায়ী হতে। এই বিষয় নিয়েই দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তা বিচ্ছেদের রূপ নেয়।
২০২০ সালের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। লকডাউনের সময় ধনশ্রীর কাছ থেকে নাচের প্রশিক্ষণ নিতে গিয়েই তাদের প্রেমের শুরু। তবে বিয়ের পর একাধিকবার তাদের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যায়।
চাহাল বা ধনশ্রী এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারা পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।