
(১ বছর আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ৪:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম, ২৬ মার্চ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের জেনারেল শাখার নিম্নমান সহকারী মো. এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। এতে উল্লেখ করা হয়, ১৫ জনকে চাকরি দেওয়ার নামে ৫৮ লাখ টাকা গ্রহণ ও আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫(বি) ধারা অনুযায়ী ২৫ মার্চ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।
ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি ড. এন এম সাজাদুল হক এবং শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “চবির নিয়োগ বাণিজ্যে সিন্ডিকেট থাকার জনশ্রুতি দীর্ঘদিনের। আমরা দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি নির্মূলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছি। এরপর জানতে পারি, একটি চক্র চাকরি দেওয়ার নামে টাকা দাবি করছে। অনুসন্ধানে আমাদের এক কর্মচারী এমরান হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন এমরান হোসেনকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্তের মাধ্যমে এই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।