banglahour

আজ লাইলাতুল কদর

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

পবিত্র রমজান মাসের আজ ২৬তম রোজা। আজ দিন শেষে সন্ধ্যা নামলেই আরবি হিসাবে ২৭তম রজনী, যা ইসলামের পরিভাষায় ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম এ রাত। এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহতায়ালা বলেন,

‘নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কি জান? লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সুরা কদর: ১-৩)।

শবেকদর উম্মতে মুহাম্মদির জন্য বিশেষ এক নেয়ামত। মহান আল্লাহ এ নেয়ামত অন্য কোনো নবীর উম্মতকে দেননি। পূর্ববর্তী নবীগণের উম্মত কয়েকশ বছর জীবন লাভ করে ইবাদত-বন্দেগি করতে পারত। কিন্তু উম্মতে মুহাম্মদির জীবন খুবই কম। আমাদের গড় আয়ু ৬০-৭০ বছর। তাই আল্লাহতায়ালা আমাদের জন্য বিশেষ উপহার হিসেবে শবেকদর দিয়েছেন এবং এক রাতের ইবাদতের ফজিলত এক হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি করে দিয়েছেন। এ রাতে লাওহে মাহফুজে মহান আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই সিদ্ধান্তবলি বাস্তবায়নের লক্ষ্যে ফেরেশতারা রহমত, বরকত ও কল্যাণ নিয়ে রাতেই পৃথিবীতে অবতরণ করেন। কোরআনে বলা হয়েছে, ‘এ রাতে ফেরেশতাগণ ও জিব্রাইল (আ.) অবতরণ করেন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময়, এই রাত ফজরের উদয় পর্যন্ত।’ (সুরা কদর: ৪-৫)।


কোরআনে শবেকদরকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হলেও তা কোন রাত, নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এর বর্ণনা রয়েছে হাদিসে। হাদিসের ভাষ্যমতে, লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে। রাসুল (সা.) বলেছেন,

‘তোমরা শবেকদর তালাশ করবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে।’ (বুখারি : ২০৫৬)। তার মানে, রমজানের শেষ দশকের বিজোড় (২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজান) রাতগুলোর যে কোনোটি শবেকদর হবে। অবশ্য এ রাতগুলোর মধ্যে ২৭ রমজান (আজ বৃহস্পতিবার, ২৬ রমজান দিবাগত রাত) শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। এর সপক্ষে হাদিসও বর্ণিত হয়েছে।

তাবেয়ি জির ইবনে হুবাইশ (রহ.) বলেন, ‘একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে ইবাদত করবে, সে শবেকদর লাভ করবে। উবাই বললেন, আল্লাহ তাকে রহম করুন! তিনি এই কথার দ্বারা বোঝাচ্ছেন, মানুষ যেন এর ওপর ভরসা করে চেষ্টাহীন বসে না থাকে। অন্যথায় তিনি নিশ্চয়ই জানেন যে তা রমজানে এবং রমজান মাসের শেষ দশ রাতেই এবং তা ২৭ তারিখের রাতেই। অতঃপর উবাই দৃঢ়ভাবে শপথ করে বললেন, তা নিশ্চয়ই ২৭ তারিখের রাতেই। জির ইবনে হুবাইশ বলেন, আমি বললাম, হে আবু মুনজির! আপনি কোন সূত্রে তা বলেন? তিনি বললেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের যে আলামত-নিদর্শন বলেছেন সেই সূত্রে। তিনি বলেছেন, কদরের রাতের পর সকালে সূর্য উদয় হবে, কিন্তু এর কিরণ থাকবে না। (মুসলিম: ২৮৩৪)।


অধিক পুণ্যময় এ রাতে বেশি বেশি নফল আমল করা চাই। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ইস্তিগফার ইত্যাদি আমলে নিজেকে মশগুল রাখা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি ও মুসলিম)। কেউ যদি পুণ্য অর্জনের এমন বড় সুযোগ পেয়ে অমনোযোগী থাকে, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? আয়েশা (রা.) বলেন, ‘একবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ! বলুন, যদি আমি বুঝতে পারি লাইলাতুল কদর কোন রাতে, তবে তখন আমি কী বলব? তিনি বললেন,তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি’, অর্থ-আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাস। অতএব আমাকে ক্ষমা করো। (ইবনে মাজা: ৩৯৮২)।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল