banglahour

সৃজিতের পরিচালনায় কৌশানী, ‘বহুরূপী’ সিনেমার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:৫০ অপরাহ্ন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নতুন বছরে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ‘বহুরূপী’ সিনেমায় অভিনয় করতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা, চুম্বন দৃশ্য ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলেছেন কৌশানী।

সৃজিতের ছবিতে ৯ বছর পর সুযোগ পেলেন, কেমন লাগছে?

কৌশানী বলেন, “এই ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া কঠিন। সৃজিতদার সিনেমাতে সাধারণত একই অভিনেতাদের দেখা যায়, তবে ‘এক্স=প্রেম’ সিনেমায় তিনি নতুন মুখ এনেছিলেন। আমার আফসোস ছিল, ৯ বছর লাগল তাকে আমার দিকে তাকাতে। পরিচালকরা যদি আগে আমাকে সুযোগ দিতেন, তাহলে হয়তো আরও ভালো কাজ করতে পারতাম।”

‘বহুরূপী’ সিনেমার দরজা কীভাবে খুলল?

তিনি জানান, প্রথমে রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ সিনেমায় সুযোগ পান। তবে তার মতে, ক্যারিয়ারে বড় মোড় এনেছে ‘বহুরূপী’।

চুম্বন দৃশ্য নিয়ে কী বললেন কৌশানী?

এই সিনেমায় চুম্বন দৃশ্য রয়েছে, যা নিয়ে প্রথমে আপত্তি ছিল কৌশানীর। তিনি বলেন, “সৃজিতদা প্রথম ফোন করেই জিজ্ঞেস করল, ‘তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বললাম, ‘হ্যাঁ, নিশ্চয়ই আছে।’ কিন্তু চিত্রনাট্য শোনার পর মনে হলো, এই দৃশ্য গল্পের জন্য গুরুত্বপূর্ণ।”

সেটে অভিজ্ঞতা কেমন ছিল?

তিনি বলেন, “ইন্টিমেসি কো-অর্ডিনেটর ছিলেন, তিনি স্বচ্ছন্দ হতে সাহায্য করেছেন। তবে শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। পরমদা (পরমব্রত চট্টোপাধ্যায়) আমাকে বুঝিয়ে স্বাভাবিক করেছেন। আমি সৃজিতদাকে বলেছিলাম, এই দৃশ্য এক টেকেই শেষ করতে হবে, রিটেক করব না।”

চুম্বন দৃশ্য নিয়ে বনির (তার প্রেমিক) প্রতিক্রিয়া কেমন ছিল?

কৌশানী বলেন, “স্বাভাবিকভাবেই বনির একটু খারাপ লেগেছিল। তবে সে নিজেও অতীতে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছে। প্রথমে আমাদের মধ্যে কিছুটা নিস্তব্ধতা ছিল, তবে এখন বনি সহজ হয়ে গেছে।”

সৃজিতকে কাছ থেকে কেমন মনে হলো?

“সৃজিতদা মনিটরে বসলে অন্য মানুষ, আর শট শেষে আবার বদলে যায়। ওর কাজের প্রতি নিষ্ঠা জাদুর মতো। সবাই বলে, সৃজিতদা সেটে চিৎকার করে, তবে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম বলে আমার ওপর চিৎকার করতে হয়নি।”

পরমব্রত কেমন সহশিল্পী?

“পরমদা শুধু অভিনেতা নয়, একজন পরিচালকও। অনেক দৃশ্যে আমাকে গাইড করেছে। এতে আমার সুবিধা হয়েছে।”

ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে?

“‘বহুরূপী’তে আমি চরিত্রের জন্য নিজেকে বদলে ফেলেছি। এই দেড় মাস সামাজিক মাধ্যম থেকে দূরে ছিলাম, পার্টিতে যাইনি। পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। আমি আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে প্রস্তুত।”

সৃজিতের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে তিনি বলেন, “শুটিং করতে করতে আমাদের দারুণ বোঝাপড়া হয়ে গেছে। সৃজিতদার সঙ্গে কথা বলা, কাজের পরামর্শ নেওয়া, সবকিছুই এখন স্বাভাবিক লাগে।”

‘বহুরূপী’ মুক্তির অপেক্ষায়, আর এই ছবির মাধ্যমে কৌশানী নিজের অভিনয়ের নতুন দিক তুলে ধরতে চান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল