
(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৮ অপরাহ্ন
ঢাকা, ৪ এপ্রিল ২০২৫: তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলা জরুরি।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তাই তাদের উচিত ছোট পরিসরে ব্যবসা শুরু করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। তিনি বলেন, "তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা কর।"
তিনি আরও বলেন, শুরুতেই বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল সিদ্ধান্ত হতে পারে। তরুণদের সামাজিক ব্যবসায়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং উদ্যোক্তা হওয়ার জন্য জন্ম নিয়েছে।"
প্রধান উপদেষ্টার এই আহ্বান তরুণ সমাজের মধ্যে নতুন উদ্যোক্তা গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।