
(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন
ঢাকা, ৪ এপ্রিল ২০২৫: কওমি মাদ্রাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরি শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর পাসের হার ৮৫.৪৮ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত ছিলেন।
সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, এ বছর মোট ৩২,৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭,৭৪৩ জন ছাত্র এবং ১৪,৯৭২ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছেন ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন, এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ১৫,৯৪৮ জন ছাত্র ও ১২,০১৫ জন ছাত্রী।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৮৯.৮৯% এবং ছাত্রীদের পাসের হার ৮০.২৫%। মুমতায (স্টার মার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১২৯৫ জন ছাত্র এবং ১১৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) পেয়েছেন ৪৩৯৯ জন ছাত্র ও ১৬১৮ জন ছাত্রী। জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছেন ৬,৯০৭ জন ছাত্র ও ৫,৭৮০ জন ছাত্রী। মকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ৩,৩৪৭ জন ছাত্র ও ৪,৫০১ জন ছাত্রী।
পরীক্ষা বাতিল করা হয়েছে ১২ জনের। নিয়ম অনুযায়ী ছাত্র ও ছাত্রীর মেধাক্রম পৃথক করা হয়েছে। প্রতি ৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১ জনকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছেন।