
(১ বছর আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:৪৮ অপরাহ্ন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এ বৈঠক শুরু হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।
এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। সম্মেলনটি ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।