banglahour

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা, ব্যাহত একাডেমিক কার্যক্রম

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:৫১ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগে ২০২৩ সালের ২৪ জানুয়ারি তিনজন প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর জুনের শুরুতে এবং সর্বশেষ চলতি বছরের ৫ জানুয়ারি পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও নিয়োগ সম্পন্ন হয়নি।

শুধু ইতিহাস বিভাগ নয়, জবির ১৩টি বিভাগ একইভাবে পুনঃবিজ্ঞপ্তির চক্রে ঘুরপাক খাচ্ছে। ফলে পূর্বের শূন্য পদ যেমন পূরণ হচ্ছে না, তেমনই নতুন পদও খালি হচ্ছে, যা শিক্ষকদের সংকটকে আরও প্রকট করে তুলছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, বেশিরভাগ বিজ্ঞপ্তিই ২ থেকে ৩ বছর পুরোনো। কিছু বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সময় অনুমোদন হলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার মৃত্যুর পর নতুন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম দায়িত্ব নিয়ে পুনঃবিজ্ঞপ্তি দেন। তবে কোটাবিরোধী আন্দোলনের পর তিনিও পদত্যাগে বাধ্য হন।

সর্বশেষ বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম দায়িত্ব নেওয়ার পর ৫ জানুয়ারি ১৩টি বিভাগে ২১টি পদের পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

এ প্রসঙ্গে জবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, "নিয়োগ প্রক্রিয়া শেষ হতে ২-৩ বছর লেগে যাচ্ছে, এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। দ্রুত এসব সমস্যার সমাধান হওয়া দরকার।"

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশকে "খারাপ প্র্যাকটিস" হিসেবে দেখছেন অনেকে। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সমন্বয়হীনতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা।

তবে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "আগের বিজ্ঞপ্তিগুলোতে সবার জন্য সমান সুযোগ ছিল না। তাই পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল