
(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:২০ অপরাহ্ন
???? ঢাকা — সাম্প্রতিক ম্যাচগুলোতে বারবার একই সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল—অসংখ্য সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা মিলছে না। স্পষ্টতই ঘাটতি পড়ছে একজন দক্ষ নাম্বার নাইন স্ট্রাইকারের। সেই ঘাটতি পূরণেই এবার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে এখন জোর দিচ্ছে প্রবাসী ফুটবলারদের খোঁজে, যাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে ট্রায়ালও দিয়েছেন। ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, এশিয়ান পর্যায়ে লড়তে হলে গোল করার জায়গাটাতেই উন্নতি আনতে হবে।
তিনি বলেন,
“শেষ ম্যাচে এতগুলো সুযোগ তৈরি করেও গোল দিতে পারিনি। একজন ভালো ফিনিশার থাকলে হয়তো ২-৩টি গোল হয়ে যেত। এই জায়গায় ভালো কাউকে পেলে সেটা আমাদের জন্য বিশাল অর্জন হবে।”
বর্তমানে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। সব দলই প্রথম ম্যাচ শেষে এক পয়েন্ট করে পেয়েছে। ফলে, পরবর্তী রাউন্ডে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে লাল-সবুজদের সামনে।
আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই একজন কার্যকর ফিনিশার খুঁজে পেতে চায় বাফুফে।
ইকবাল হোসেন আরও বলেন,
“এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রবাসী ফুটবলারদের মধ্যে থেকে যোগ্য কাউকে দলে নিতে পারি, তাহলে সেটা জাতীয় দলের জন্য বড় সাপোর্ট হবে। আমরা শুধু দক্ষিণ এশিয়াতেই না, এশিয়ান পর্যায়েও ভালো করতে চাই।”
শেষ কয়েকটি ম্যাচে দেখা গেছে, বাংলাদেশ দল প্রচুর সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে পারছে না। গোল না হওয়ায় প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে, কিংবা হেরে যেতে হচ্ছে অপ্রত্যাশিতভাবে।