
(১ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৮:১৮ অপরাহ্ন
সৌদি আরবে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে ওমরাহ পালনের জন্য আর কোনো বিদেশি মুসলিম দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব এ সিদ্ধান্ত কার্যকর করেছে। হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর ফলে চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগ আপাতত শেষ হয়ে যাচ্ছে। খবর গালফ নিউজ।
এর আগেই সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত মাসেই ঘোষণা দিয়েছিল, ১৫ শাওয়াল বা ১৩ এপ্রিল হবে এবারের জন্য ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ দিন। এই সময়সীমার পর নতুন করে কেউ সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালনের সুযোগ পাবেন না। শুধু রোববারের মধ্যে যারা পৌঁছাবেন, তারাই ওমরাহ পালন করতে পারবেন।
সৌদি সরকার প্রতি বছর হজের আগে নির্দিষ্ট সময় থেকে ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে। কারণ হজ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত। লাখো মানুষের সমাগম হয় মক্কা ও মদিনা এলাকায়। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়ে থাকে।